গৌরনদীতে ১৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপির ঈদ উদযাপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি – ১৬ বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ সময় পর এবার দলটির মনোনয়ন প্রত্যাশীরা বাঁধাহীন ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল ছিলেন। তারা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
রমজান মাসে ইফতার ও দোয়া-মাহফিলে অংশগ্রহণ, ঈদ উপলক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণের পর এবার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানকে ঘিরে নির্বাচনী এলাকাগুলোতে ভিন্ন রকম আমেজ সৃষ্টি হয়েছে। অপরদিকে দীর্ঘদিন পর দলবল আত্মীয়-স্বজন নিয়ে এবার ঈদ উদযাপন করতে নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাছাড়া মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে তাদের হাইপ্রোফাইল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। প্রত্যেকেই তাদের নিজস্ব বলয় নিয়ে ঈদ উদযাপন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিগত ওয়ান ইলেভেনের সময় থেকে নির্বাচনী মাঠে রয়েছেন। তারই ধারাবাহিকতায় রমজান মাসে দুই উপজেলার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সকল গণমাধ্যম কর্মীদের সম্মানে তিনি পৃথক পৃথকভাবে ইফতার মাহফিল করেছেন। পরবর্তীতে ঈদ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীসহ দুই উপজেলার দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ঈদের দিন থেকে অদ্যবর্ধি তার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সর্বশেষ বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজিহার গ্রামের নিজ বাড়িতে দুই উপজেলার প্রায় চার হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে ঈদ পুর্নমিলনীর আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সার্বিক বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, দীর্ঘ ১৬ বছর বহু অত্যাচার নির্যাতন সহ্য করে এবার স্বস্তির ঈদ উদযাপন করেছি। তাই আমাদের নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে আনন্দ এবং শুকরিয়া দেখেছি। জেলার সবকটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা পুরো রমজান এবং ঈদ উপলক্ষে মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। এতে বিএনপির প্রতি গনমানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিদ্বন্ধিতা নয়; প্রতিযোগিতা করে জনসেবায় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































